বিএনপির দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ২০
দাগনভূঞা (ফেনী) প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিবেশমন্ত্রীর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)। আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামের যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার সহকর্মীরা। তাদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোরপূর্বক মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।
আহত ব্যক্তিদের কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর পাশে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছলে চারদিক থেকে তাদের ওপর হামলা করা হয়। শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু ও হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করেন। এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়া ও শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তার পাল্টা দাবি, অস্ত্রে সজ্জিত অর্ধশতাধিক লোক পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুইপক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য ফটিকের অনুসারীদের দায়ী করেন তিনি।
জামশেদুর রহমান ফটিক বলেন, তার অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে। সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে হওয়ায় সেখানে হামলার কোনো কারণ ছিল না বলেও দাবি করেন তিনি।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, তার বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামের শ্রমিক দলের এক নেতাকে মারধরের ঘটনা ঘটে।
