সেতু থেকে ছিটকে পড়ল দ্রুতগতির বিএমডব্লিউ, নিহত ৩
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মুম্বাইয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন একজন। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে সেতু থেকে নিচে পড়ে যায় গাড়িটি।
দুর্ঘটনার খবর পেয়ে গাড়ির চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।
আহত ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়ালকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দুর্ঘটনার ধাক্কায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। বিএমডব্লিউটির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে, উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে গেছে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সেতুতে ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়িটির ধাক্কায় ভেঙে যায়।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

