ব্লাড ক্যানসার: এই ৪ প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রক্তের ক্যানসার বা ব্লাড ক্যানসার সব সময় বড় কোনো লক্ষণ দিয়ে শুরু হয় না। অনেক সময় এটি খুব নীরবে বাসা বাঁধে।
ভারতের ডা. নিতিন আগরওয়াল সম্প্রতি দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, পর্যাপ্ত বিশ্রামের পরও ক্লান্তি না কাটা, ঘন ঘন অসুস্থ হওয়া, নির্দিষ্ট কারণ ছাড়া জ্বর আসা, বিনা কারণে শরীরে কালচে দাগ পড়া বা ফোলা লিম্ফ নোড বা গ্রন্থি ব্লাড ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
এই সাধারণ লক্ষণগুলোকে অনেকে কাজের চাপ, ব্যস্ত রুটিন বা সাধারণ কোনো অসুস্থতা বলে ভুল করেন। কিন্তু শরীরের কোনো পরিবর্তন যদি স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য লক্ষণের সঙ্গে বারবার দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ব্লাড ক্যানসার কী এবং এর উপসর্গ কেন ছড়ায়?
লিউকেমিয়া, লিম্ফোমা এবং মাল্টিপল মায়েলোমা—এই ধরনের ব্লাড ক্যানসার মূলত রক্ত, অস্থিমজ্জা বা লিম্ফ্যাটিক সিস্টেমকে প্রভাবিত করে।
যেহেতু এগুলো রক্তকোষ তৈরি, সংক্রমণ প্রতিরোধ এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাজ করে, তাই এর লক্ষণগুলো শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে।
ব্লাড ক্যানসারের প্রধান লক্ষণসমূহ
বিনা কারণে রক্তপাত বা কালচে দাগ: কোনো স্পষ্ট কারণ ছাড়াই শরীরে নীলচে বা কালচে দাগ পড়া, ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া বা অতিরিক্ত রক্তপাত প্লাটিলেট কমে যাওয়ার লক্ষণ হতে পারে। অস্থিমজ্জায় অস্বাভাবিক কোষ বৃদ্ধির কারণে সুস্থ রক্তকোষ বা প্লাটিলেটের উৎপাদন কমে গেলে এমনটি ঘটে।
অস্বাভাবিক ক্লান্তি: সারাদিনের কাজের ক্লান্তি আর ব্লাড ক্যানসারের ক্লান্তির মধ্যে তফাত রয়েছে। পর্যাপ্ত ঘুমানোর পরও যে ক্লান্তি দূর হয় না এবং দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়, তা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার কারণে হতে পারে।
ঘন ঘন সংক্রমণ বা জ্বর: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বারবার ইনফেকশন বা নির্দিষ্ট কারণ ছাড়া জ্বর হতে পারে।
অন্যান্য উপসর্গ: অতিরিক্ত ঘামসহ রাতের বেলা শরীর ভিজে যাওয়া, বিনা কারণে ওজন কমে যাওয়া, লিম্ফ নোড ফুলে যাওয়া, হাড়ের ব্যথা এবং পেটে অস্বস্তি বা পেট ভরা ভাব অনুভব হওয়া।
লিম্ফোমার ক্ষেত্রে জ্বর, রাতের ঘাম এবং ওজন হ্রাসকে ‘বি সিম্পটম’ বলা হয়।
লক্ষণ মানেই ক্যানসার নয়
ডা. আগরওয়াল সতর্ক করে বলেছেন যে, এই লক্ষণগুলোর অর্থ এই নয় যে কারো ক্যানসার হয়েছে। সাধারণ অনেক অসুস্থতাতেও এমন লক্ষণ দেখা দিতে পারে। এর উদ্দেশ্য নিজে নিজে রোগ নির্ণয় করা নয়, বরং সময়মতো চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানো। সঠিক চিকিৎসা ও পরীক্ষার মাধ্যমেই কেবল ক্যানসার শনাক্ত করা সম্ভব।

