সহবাসে সমস্যা হচ্ছে? হৃদরোগের আগাম সংকেত হতে পারে পুরুষের এই উপসর্গ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বয়স বাড়ার সঙ্গে শারীরিক সক্ষমতায় পরিবর্তন আসতে পারে। এর প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনেও। অনেক পুরুষ লিঙ্গোত্থানের সমস্যাকে বয়সের স্বাভাবিক পরিবর্তন ভেবে এড়িয়ে যান। তবে বারবার এমন সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। কারণ, কখনো কখনো এটি হৃদযন্ত্র ও রক্তনালির অসুস্থতার আগাম সংকেত হতে পারে।
সম্প্রতি এক পডকাস্টে দীর্ঘায়ু ও হৃদস্বাস্থ্য নিয়ে আলোচনায় পুরুষের ‘ইরেকটাইল ডিসফাংশন’ বা লিঙ্গোত্থানের সমস্যার বিষয়টি তুলে ধরেন জীবনযাপনবিষয়ক প্রশিক্ষক ফ্লোরেন্স কোমিতি। সাধারণত এ সমস্যাকে যৌনস্বাস্থ্যের সমস্যা হিসেবে দেখা হলেও এর পেছনে হৃদরোগ বা রক্তনালির জটিলতা থাকতে পারে বলে সতর্ক করেন তিনি।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, পুরুষাঙ্গে রক্ত সরবরাহকারী ধমনিগুলো হৃদযন্ত্রের ধমনির তুলনায় সরু। রক্তনালিতে চর্বি জমা বা অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে সরু ধমনিগুলো আগে প্রভাবিত হতে পারে। এতে পুরুষাঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে না পারায় লিঙ্গোত্থানের সমস্যা দেখা দেয়।
অন্যদিকে, হৃদযন্ত্রের ধমনিগুলো তুলনামূলক প্রশস্ত হওয়ায় সেখানে রক্ত চলাচলে বাধা তৈরি হলেও বুকে ব্যথা বা অন্য উপসর্গ প্রকাশ পেতে সময় লাগতে পারে। এ কারণে লিঙ্গোত্থানের সমস্যা কখনো কখনো হৃদরোগের লক্ষণ প্রকাশের কয়েক বছর আগেই দেখা দিতে পারে। তাই চিকিৎসকেরা একে হৃদ্স্বাস্থ্যের সম্ভাব্য আগাম সতর্কসংকেত হিসেবে বিবেচনা করেন।
তবে লিঙ্গোত্থানের সমস্যার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তির হৃদরোগ হয়েছে। মানসিক চাপ, উদ্বেগ, হরমোনের পরিবর্তন, নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও এমন হতে পারে।
এ ধরনের সমস্যা বারবার দেখা দিলে লজ্জা বা সংকোচে তা গোপন না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করতে পারেন। পাশাপাশি ধূমপানের অভ্যাস, শরীরের ওজন, শারীরিক সক্রিয়তা, পারিবারিক রোগের ইতিহাস এবং অন্যান্য ঝুঁকির বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।
চিকিৎসার লক্ষ্য শুধু যৌনস্বাস্থ্যের সমস্যার কারণ খুঁজে বের করা নয়, একই সঙ্গে হৃদ্যন্ত্র ও রক্তনালির সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করাও। তাই বয়সের স্বাভাবিক পরিবর্তন ভেবে লিঙ্গোত্থানের সমস্যা অবহেলা না করে সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
