|
ফলো করুন |
|
|---|---|
পরীক্ষা মানেই দুশ্চিন্তা। বিশেষ করে বোর্ড পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীর চেয়ে অভিভাবকদের দুশ্চিন্তা আরও বেশি। পরীক্ষা নিয়ে ভয় ব্যাপারটা সকলেরই হয় কম-বেশি। এই ধরনের উদ্বেগ স্বাভাবিক। এই সময়টায় চাই খানিকটা মনোযোগ আর ঘড়ি ধরে, রুটিন মেনে পড়াশোনা। তাতেই সামলে নেওয়া যায়।
পরীক্ষা নিয়ে সাধারণ দুশ্চিন্তা নয়, এরা আসলে ভোগে ভীতিতে। যাকে বলে এগজাম ফোবিয়া। এটা এক ধরনের মানসিক সমস্যা, যা থেকে বার করে আনতে দরকার হয় কাউন্সেলিং এবং সেই সঙ্গে নির্দিষ্ট কিছু টিপস মেনে পড়াশোনা।
কী দেখে চিনবেন এগজাম ফোবিয়া?
পরীক্ষার আগে টেনশন স্বাভাবিক হলেও তা মানসিক সমস্যার আকার নিয়েছে কিনা, তা চিনে নিতে অভিভাবকদেরই বাড়তি সতর্ক হতে হবে। খেয়াল রাখুন এই উপসর্গগুলো—
• পরীক্ষার তারিখ বা সিলেবাস ঘোষণা হতেই ভয়ে-দুশ্চিন্তায় কাঁটা হয়ে পড়ছে পড়ুয়া।
• পরীক্ষা নিয়ে উদ্বেগ বা মানসিক চাপ তাকে ঘিরে রাখছে সর্বক্ষণ।
• পড়াশোনা যতখানিই করে থাকুক, সর্বক্ষণ ভয়ে থাকছে পরীক্ষার হলে তার কিছুই মনে পড়বে না বা ফেল করবে সে।
• পড়তে বসে মনোসংযোগে সমস্যা হচ্ছে লাগাতার।
• মেধাবী পড়ুয়া হয়েও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিচ্ছে।
• পরীক্ষা নিয়ে কথা হলেই নার্ভাস লাগা, ঘাম হওয়া, হার্টরেট বেড়ে যাওয়া, বুক, বমি ভাব বা পেটের সমস্যা দেখা দিচ্ছে।
• সমানেই নিজের পড়াশোনা বা প্রিপারেশনের তুলনা করছে বন্ধু বা ভাইবোনের সঙ্গে এবং হীনমন্যতায় ভুগছে।
• বারবার এসে জিজ্ঞেস করছে, সে পাশ করবে তো বা ভাল রেজাল্ট হবে তো?
এই ধরনের উপসর্গগুলো আপনার পরিবার বা চেনা বৃত্তে কোনও পরীক্ষার্থীর মধ্যে দেখা দিলে তার দ্রুত কাউন্সেলিং জরুরি। তার মাধ্যমে উদ্বেগ কমার পাশাপাশি ফিরিয়ে দেওয়া যায় হারানো আত্মবিশ্বাস। সেই সঙ্গে পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে উদ্বেগ কমাতে কিছু টিপস মেনে চলার পরামর্শ দেন মনোবিদেরা।
পরীক্ষার্থীর দাওয়াই
• টেনশন বেড়ে গিয়ে খুব নার্ভাস বা শরীর খারাপ লাগলে সেই মুহূর্তেই পড়ায় ছোট্ট বিরতি নিতে হবে।
• সেই বিরতিতে হাত-পা ছড়িয়ে, আড়মোড়া ভেঙে স্রেফ রিল্যাক্স করা জরুরি। অন্য কিছু নয়।
• শরীর বা উদ্বেগের মাত্রা কোন দিকে গড়াচ্ছে খেয়াল করতে হবে।
• ছোট্ট বিরতি শেষে পড়া শুরু হোক একেবারে সহজ কোনও বিষয় দিয়ে। পুরো মনোযোগ দিয়ে এক পাতা পড়া বা একটা কোনও সহজ উত্তর লেখা ভাল।
• তার পরে চাই পেসড ব্রিদিং। মানে চার সেকেন্ড নিশ্বাস নিয়ে ছয় সেকেন্ড ধরে ছাড়া এবং তার পুনরাবৃত্তি। এতে উদ্বেগ কমে আসে আস্তে আস্তে।
• এবার ফের একই ভাবে ছোট ছোট ভাগ করে পড়া এগোতে হবে।
তবে শুধু পরীক্ষার্থী নয়, অভিভাবকদেরও কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন মনোবিদেরা। কারণ অনেক ক্ষেত্রেই এই পরীক্ষা-ভীতির নেপথ্যে থাকে ভাল রেজাল্ট করার চাপ, জেনে বা অজান্তে ছেলেমেয়েদের মনে যা তৈরি করে দেন বাবা-মায়েরাই।
অভিভাবকদের করণীয়
• অন্য কারও সঙ্গে তুলনা করবেন না।
• ভালো রেজাল্ট করতেই হবে, এমন চাপ দেবেন না।
• বারবার পরীক্ষার দিন এগিয়ে আসার কথা মনে করিয়ে দেবেন না।
• ছেলেমেয়েরা বারবার এসে পরীক্ষা ভাল হবে কিনা জানতে চাইলে তাদের মনের মতো উত্তর দেবেন না। বরং বুঝিয়ে বলুন টেনশন কমানোর টিপস মেনে চলতে।
• পরীক্ষার্থীকে মনে করিয়ে দিন, তার পড়াশোনা একদম ঠিক পথেই চলছে। প্রিপারেশন এবং আত্মবিশ্বাস দুই-ই তার যথেষ্ট আছে।
