ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ভারতের ঐতিহাসিক ম্যাচটি ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। কলকাতার সল্টলেক স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে—এমনটাই প্রত্যাশা ছিল আয়োজকদের। এই প্রত্যাশা থাকাটাই তো স্বাভাবিক ছিল। কারণ ভারতে ব্রাজিল সমর্থকের সংখ্যা তো কম নয়!
তবে বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। ভারতের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচটি দেখতে উপস্থিত হয়েছিলেন ৫১ হাজার ৪০২ জন। ফলে প্রায় ১৯ হাজার আসনই ফাঁকা ছিল।
ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচে কেন প্রত্যাশিত দর্শক উপস্থিতি হয়নি, এর পেছনে কয়েকটি কারণ সামনে এসেছে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-
চড়া টিকিটের দাম
ম্যাচের টিকিটের মূল্য ছিল অন্যতম বড় বাধা। সর্বনিম্ন দামের টিকিটই ছিল ৯৯৯ রুপি। সিলভার ক্যাটাগরির টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার, গোল্ড ক্যাটাগরির ৪ হাজার ৫০০ এবং রেগুলার ক্যাটাগরির সর্বোচ্চ মূল্য ছিল ৯ হাজার রুপি। এছাড়া ভিআইপি ও ভিভিআইপি টিকিটের দাম ছিল যথাক্রমে ১৫ হাজার ও ২৫ হাজার রুপি। ফলে তুলনামূলক বেশি দামের টিকিটগুলোর বড় একটি অংশ বিক্রি হয়নি বলে জানা গেছে।
টিকিট বিক্রিতে ব্যর্থ কলকাতার দুটি বড় ক্লাবও
কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের জন্য বরাদ্দ ছিল ১০ হাজার টিকিট। কিন্তু সেই টিকিটও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি। মোহনবাগান মাত্র ৯০টি টিকিট বিক্রি করতে পেরেছে বলে জানা গেছে। ইস্ট বেঙ্গলের বিক্রি হওয়া টিকিটের সংখ্যা অবশ্য প্রকাশ্যে আসেনি।
মেসি-কাণ্ডের নেতিবাচক প্রভাব
গত বছরের ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির সফরও এবার দর্শক উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। মেসিকে একনজর দেখতে প্রায় ২২ হাজার দর্শক চড়া দামে টিকিট কিনেছিলেন। কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনার কারণে তারা প্রত্যাশিতভাবে মেসিকে দেখতে পারেননি এবং উলটো ভোগান্তির শিকার হন। সেই তিক্ত অভিজ্ঞতার প্রভাব কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে এখনও রয়েছে বলে মনে করা হচ্ছে।
দলে বিশ্বতারকার অভাব
বর্তমান ব্রাজিল দলে আগের মতো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় একাধিক তারকা নেই। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াকে ছাড়া এমন বড় নামের সংখ্যা কম। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় রাফিনিয়া ভারত সফরেও আসতে পারেননি। অন্যদিকে ভিনিসিয়ুসও সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই। ফলে ব্রাজিলের নাম থাকলেও দর্শকদের আকর্ষণ কিছুটা কমে থাকতে পারে।
সামনেই দুর্গাপূজা
দর্শক উপস্থিতি কম হওয়ার আরেকটি সম্ভাব্য কারণ কলকাতার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজা সামনে রেখে শহরের মানুষের বড় একটি অংশ কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত। অনেকেই কয়েক মাস ধরে এ সময়ের জন্য অর্থ সঞ্চয় করেন। ফলে বাড়তি দামে ফুটবল ম্যাচের টিকিট কেনার পরিবর্তে পূজার খরচকে অগ্রাধিকার দিয়েছেন অনেকে।
সব মিলিয়ে বলা যায়, ঐতিহাসিক প্রতিপক্ষ ব্রাজিল হলেও টিকিটের উচ্চমূল্য, মেসি-কাণ্ডের তিক্ত অভিজ্ঞতা, ব্রাজিল দলে তারকা ঘাটতি এবং দুর্গাপূজার ব্যস্ততা—এই কয়েকটি কারণই কলকাতার স্টেডিয়ামে প্রত্যাশার তুলনায় কম দর্শক উপস্থিতির পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

