২৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে যুগান্তর: চসিক মেয়র
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
যুগান্তরের ২৭ বছর পদার্পণে চট্টগ্রামে কেক কাটা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে কেক কাটা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে তারা যুগান্তরকে শুভেচ্ছা জানানোর পাশপাশি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যুগান্তর বরাবরই মানুষের কথা বলে। আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনের জন্য গত ২৬ বছর ধরে অনেক সংগ্রাম করেছে যুগান্তর। ২৭ বছরের উষালগ্নে জনগণ ও চট্টগ্রামকে নিয়ে আপনাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং থাকব। আমি যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরও বলেন, সবাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কথা বলে। কিন্তু ‘নগর সরকার’ ছাড়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা সম্ভব নয়। কারণ, চসিকের পক্ষ থেকে চাইলেই সব কিছু করা সম্ভব হয় না। যদি ‘নগর সরকার’ হয় তখন সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কানেক্টটেড থাকবে। চসিকের পক্ষ থেকে যেকোনো উদ্যোগ নেওয়া হলে বাস্তবায়ন করা সহজ হবে। এই জিনিসগুলো নিয়ে আপনারা (সাংবাদিকরা) যদি জোরালোভাবে লিখেন তাহলে অবশ্যই এটা সম্ভব।
যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দীন মো. রেজা, জনকন্ঠের উপসম্পাদক মোয়াজ্জেমুল হক, চ্যানেল আই এর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া।
উপস্থিত ছিলেন রাজনীতিবিদ কামরুল ইসলাম, সাংবাদিক রাজেশ চক্রবর্ত্তী, খোরশেদ আলম শামীম, আহমেদ মুসা, সরওয়ার আলম সোহেল, রেজা মুজাম্মেল, এমএ কাউসার প্রমুখ।

