Logo
Logo
×
   

সারাদেশ

স্বর্ণ ছিনতাইয়ের পর লম্বা ছুটিতে কনস্টেবল জাকির

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

স্বর্ণ ছিনতাইয়ের পর লম্বা ছুটিতে কনস্টেবল জাকির

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে অভিযানের নামে কোটি টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এরপরই তিনি এক মাসের ছুটি নিয়ে বাড়িতে গেছেন। 

আলোচিত সেই কনস্টেবল জাকির হোসেনের বাড়ি রাজশাহীর দুর্গাপুরের দেবীপুর গ্রামে। স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জেলা পুলিশে তোলপাড় হলেও জাকিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  

অভিযোগে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদরের মরা পাগলা নদীর কালীনগর সেতুর কাছে ৮ আগস্ট বিকালে স্বর্ণের চালানটি ছিনতাই করে জাকির। ঘটনার বিবরণ দিয়ে রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম জানান, নগরীতে তার ভাইয়ের একটা জুয়েলারির দোকান আছে। স্বর্ণের দাম কমে গেলে কিনে রাখেন। দাম বাড়লে বিক্রি করেন। রাজশাহীর বাইরের কোনো জেলার স্বর্ণকাররা অর্ডার করলে তখন সোনা পৌঁছে দেন। এমনই একটি অর্ডার সরবরাহ করতে গিয়ে তার স্বর্ণ ছিনতাই হয়েছে। এর সঙ্গে তার ভগ্নিপতি মোহাম্মদ আলী ও ভাগনে নয়নও জড়িত বলে তিনি মামলা করতে পারেননি। জাকিরের সঙ্গে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে ভগ্নিপতি ও ভাগনে জড়িত বলে দাবি তার। ঘটনার পর থেকে তিনি লুট হওয়া স্বর্ণ উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কোনো উপায় করতে পারেননি। 

কনস্টেবল জাকির স্বীকার করেন ঘটনার দিন ও সময়ে মরা পাগলা নদীর উপর কালীনগর ব্রিজের দিকে গিয়েছিলেন। তবে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় তার যোগ নেই। নিঝুম কোনো কারণ ছাড়াই তাকে জড়ানোর চেষ্টা করছেন। এ বিষয়ে জানতে স্বর্ণের বাহক মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় জেনে তিনি সংযোগ কেটে দেন।  

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। তিনি কিছুই জানেন না। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার বিষয়ে জেলা পুলিশ অবগত নয়। কেউ অভিযোগ করলে তদন্ত করা হবে। তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা শুনেছি ঘটনাটি। কনস্টেবল জাকির হঠাৎ করেই এক মাসের ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। থানাতে অভিযোগ হওয়ার কথা ছিল। কিন্তু এখনো হয়নি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম