বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যাত্রীবাহী কোচে অন্য যাত্রীদের চোখ এড়াতে এবং মাদকের ব্যাগটি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে একাই জোড়া সিট বুক করেছিলেন তিনি। ভেবেছিলেন, এমন ‘রাজকীয় যাত্রা’র আড়ালে সহজেই পার পেয়ে যাবে মাদকের বড় চালান। তবে শেষ রক্ষা হয়নি চতুর মাদক কারবারি ননী গোপাল বিশ্বাসের (৩৫)। বাসের লকারে রাখা তার নীল রঙের ট্রলি ব্যাগের বিশেষ গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও সদর থানাধীন জগন্নাথপুর এলাকায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে ধরা পড়েন ওই মাদক কারবারি।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম হানিফ ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে চেকপোস্ট বসায়। সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা থেকে রাণীশংকৈলগামী ‘আলম এন্টারপ্রাইজ’ (ঢাকা মেট্রো ব-১২-৪৩৪০) বাসটি সিগন্যাল দিয়ে থামানো হয়।
বাসের ‘A-4’ সিটে বসা যাত্রী ননী গোপালের আচরণে সন্দেহ হলে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেওয়া তথ্যে বাসের নিচের লকার থেকে একটি টার্কিশ ব্লু রঙের ‘জিপ’ (Jeep) ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। পরে আসামির নিজের হাতে খোলা ট্রলির হাতলের নিচে তৈরি বিশেষ চেম্বার থেকে বের করা হয় ৪,৯২০ পিস কমলা ও ৫০ পিস সবুজ রঙের ইয়াবা। ৪৯৭ গ্রাম ওজনের এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ননী গোপাল দিনাজপুরের বাসিন্দা হলেও বর্তমানে ভাসমান হিসেবে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় অবস্থান করছিলেন। যাতায়াতের সময় পাশের আসনে অন্য কেউ বসে যেন ব্যাগের বিশেষ গোপনীয়তা টের না পায়, সে জন্য সে একই টিকিটে বাসের ‘A-3’ ও ‘A-4’— দুটি সিট একাই কিনে নেয়।
অভিযানের সার্বিক বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. হারুন আর রশিদ বলেন, ‘আসামি নিজেকে আড়াল করতে এবং নির্বিঘ্নে ব্যাগ পাহারা দিতে কৌশল হিসেবে একাই দুটি সিট বুক করেছিলেন। ট্রলির হাতলের নিচে এমন কৌশলগত গোপন চেম্বার তৈরি করা হয়েছিল, যা খালি চোখে ধরা অসম্ভব। তবে আমাদের সতর্ক নজরে পুরো ফাঁকি ভেস্তে গেছে এবং বড় চালানটি জব্দের পাশাপাশি তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।’
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
