৬ লাখ টাকায় সার্বিয়ার ভিসা, বিমানবন্দরে গেলে ধরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
গ্রেফতার আব্দুল মাবুদ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় জাল ভিসা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) কোতোয়ালি থানাধীন টেরিবাজার বাইলেনের কাটাপাহাড় এলাকার বদর উদ্দিন মার্কেটের পঞ্চমতলার একটি কক্ষে অভিযান চালিয়ে সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আব্দুল মাবুদ (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার আব্দুল মাবুদের কাছ থেকে ময়মনসিংহ ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের ১৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। সার্বিয়া যাওয়ার জন্য ভুক্তভোগীরা প্রতারক চক্রটিকে এসব পাসপোর্ট দিয়েছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মাবুদ পুলিশকে জানান, ছয় লাখ টাকায় সার্বিয়ায় পাঠানোর কথা বলে তারা লোকজনের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহ করতেন। মানুষের বিশ্বাস অর্জনের জন্য পাসপোর্ট নেওয়ার পর জাল ভিসা লাগিয়ে দেওয়া হতো; কিন্তু ভুক্তভোগীরা বিমানবন্দরে গেলে অভিবাসন পুলিশের তল্লাশিতে সেই জাল ভিসা ধরা পড়ে। তখন চক্রের সদস্যরা ভুক্তভোগীর অন্য কোনো কাগজপত্রে সমস্যা আছে বলে নানা অজুহাত দেখাতেন। এভাবে বেশ কয়েকজন বিমানবন্দর থেকে ফেরত এসেছেন বলে স্বীকার করেছেন মাবুদ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাল ভিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে পেশাদার জালিয়াত চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঢাকা, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ ও চট্টগ্রামসহ সারা দেশে এ চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। তারা সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কম টাকায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশের নথিপত্র অনুযায়ী, গ্রেফতার আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও জাল দলিল ব্যবহারের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।
